আজ শুভনিশি পোহাইল তোমার।
এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে।
মুখ-শশী দেখ আসি, যাবে দুঃখরাশি,
ও চাঁদ-মুখের হাসি সুধারাশি ক্ষরে।
শুনিয়া এ শুভ বাণী, এলোচুলে যায় রাণী, বসন না যায় সম্বরে।
গদগদ ভাব-ভরে, ঝর ঝর আঁখি ঝরে, পাছে করি গিরিবরে, অমনি কাঁদে গলা ধ’রে।
পুনঃ কোলে বসাইয়া, চারুমুখ নিরখিয়া, চুম্বে অরুণ অধরে।
বলে—জনক তোমার গিরি, পতি জনম-ভিখারী, তোমা হেন সুকুমারী দিলাম দিগম্বরে।
যত সহচরীগণ, হয়ে আনন্দিত মন, হেসে হেসে এসে ধরে করে।
কহে—বৎসরেক ছিলে ভুলে, এত প্রেম কোথা থুলে,
কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে।
কবি রামপ্রসাদ দাসে, মনে মনে কত হাসে, ভাসে মহা আনন্দ-সাগরে।
জননীর আগমনে, উল্লসিত জগজ্জনে, দিবানিশি নাহি জানে, আনন্দ পাসরে।
Discussion
Public comments for Aaj Shubhonishi Pohailo Tomar are available on the discussion page.
View discussion