চামচা বলে- আমার নেতার বড়োই উদার মন
জনতা কয়- উদার হয় সে এলে নির্বাচন
এটা ভোটের কারণ।
চামচা বলে- আমার নেতা বড়ই বিদ্বান
জনতা কয়- দেখি নাই তো সার্টিফিকেট খান
ক্যামনে করি প্রমাণ।
চামচা বলে- আমার নেতার চরিত্র নির্মল
জনতা কয়- ঘন ঘন ব্যাংক্ক যায় ক্যান বল্
কারণটা কী আসল।
চামচা বলে- আমার নেতার সততা কি কম
জনতা কয়- কোথায় যায় রে বস্তা বস্তা গম
বললে পাবি শরম।
চামচা বলে- স্মৃতিশক্তি অতি প্রখর তার
জনতা কয়- ভোটের পরে চেনে না ভোটার
প্যাঁচাল পাড়িস্ বেকার।
চামচা বলে- আমার নেতা গেরাম ভালোবাসে
জনতা কয়- পাঁচবছরে একবারই তো আসে
তাও ভোটের মাসে।
চামচা বলে- নেতার দুয়ার খোলা সবার তরে
জনতা কয়- বোঝা যায় তা ইলেকশনের পরে
তালা ঝোলে ঘরে।
চামচা বলে- আমার নেতা খায় না মোটেই ঘুষ
জনতা কয়- চাকরির জন্য গেলেই হবে হুঁশ
ক্যামন ভালো মানুষ।
চামচা বলে- আমার নেতার লক্ষ্য উন্নয়ন
জনতা কয়- কাজের বেলা ঠন্ ঠনা ঠন্ ঠন্
হয় না বাস্তবায়ন।
চামচা বলে- আমার নেতার বংশটা খানদান
জনতা কয়- তার বাপ-দাদার বেচতো বিড়ি-পান
দিতে পারি প্রমাণ।
চামচা বলে- আমার নেতার স্বভাব চমৎকার
জনতা কয়- ছাগল চুরি করছিলো একবার
যখন ছিলো বেকার।
চামচা বলে- নেতার ভাষণে শোনে লক্ষ শ্রোতা
জনতা কয়- মাল দিলে না শুনে যাবে কোথা
নাকি মিছা কথা?
চামচা বলে- আমার নেতা খুব নীতিবান ভাই
জনতা কয়- ঘন ঘন দল চেঞ্জ করে তাই
তারতো নীতিই নাই।
চামচা বলে- আমার নেতা দেয় কতো প্রতিশ্রুতি
জনতা কয়- বাস্তবায়ন দেখবে নাতি-পুতি
ছাড়ো নেতার স্তুতি।
চামচা বলে- আমার নেতা ভালোবাসে দেশ
জনতা কয়- বারোমাস পড়ে থাকে বিদেশ
স্বদেশ প্রীতি অশেষ।
চামচা বলে- নেতা বাংলা ভাষার জন্য লড়ে
জনতা কয়- ছেলে ইংশিশ মিডিয়ামে পড়ে
বেনসন আছে ঘরে।
চামচা বলে- আমার নেতার মুখে ধর্মের বোল
জনতা কয়- সব ভুলে যায় পেলে নারীর কোল
সঙ্গে থাকলে বোতল।
চামচা বলে- আমার নেতা বন্ধু গরিবের
জনতা কয়- জমি দখল করে কৃষকের
করছে মার্কেট আর ঘের।
চামচা বলে- তর্কে আমি গেলাম ভাইরে হেরে
জনতা কয়- ওই নেতাদের দেবো না আর ছেড়ে
গদি নেবো কেড়ে।
চামচা বলে- দেশ গড়িতে ভালো নেতা চাই
জনতা কয়- সৎ নেতার কোনো বিকল্প নাই
নাকি ভুল কইছি ভাই।
সৎ এবং যোগ্য নেতা খুঁজে নিতে হবে
এমন নেতা পেলেই ভাইরে শান্তি আসবে তবে
সেদিন আসবে কবে?
Discussion
Public comments for Chamcha Bole - Amar Netar Boroi Udar Mon are available on the discussion page.
View discussion