ছুঁচোর কীর্তন
কীর্তন গায় ছুচুন্দর,
হুতুম প্যাঁচা বাজায় খোল।
ছাতার পাখি দোহার গায়
গোলেমালে হরিবোল॥
কিচির-মিচির কিচির-কিচ
イঁদুর বাজায় মন্দিরা,
তানপুরা ওই বাজায় ব্যাং
ওস্তাদের সম্বন্ধীরা।
শালিক বায়স ভক্তদল
হরিবোলের লাগায় গোল॥
হুলো বেড়াল মিয়াঁও ম্যাঁও
করছে শুরু খেয়াল-গান,
ব্যা-এ্যা-এ্যা-এ্যা পুং অজ
মারছে জলদ হলক-তান।
রাসভ গলা ভাঙল তার
ধ্রুপদ গেয়ে খেয়ে ঘোল॥
টপ্পা-গানের ঝাড়ছে তান
চিঁহিঁহিঁচিঁহিঁহিঁ অশ্বরাজ,
ঠুংরি-গানের ঝটকা-তান
মারছে ফড়িং ঝোপের মাঝ।
খাণ্ডারবাণী ধ্রুপদ গায়
বলদ গিয়ে পিঁজরাপোল॥
লেড়ি কুকুর বাউল গায়
পুচ্ছ তুলি উচ্চ মুখ,
ভাটিয়ালি গান শেয়াল গায়
ভীষণ শীতের ভুলতে দুখ।
গাব-গুবাগুব ‘কুক’পাখি
বাজায়, ভুতুম বাজায় ঢোল॥
ধরা গলায় মহিষ গায়
যেন বুড়ো খাঁ সায়েব,
কাবলিওয়ালা বেহাগ গায়
‘মোর মগায়া’খেয়ে শেব।
ভেড়া বলে, ‘কণ্ঠ মোর
গেছে ধরে খেয়ে ওল!’
Discussion
Public comments for Chuchor Kirtan are available on the discussion page.
View discussion