ধরি নাপিতিনী বেশ, মহলেতে পরবেশ,
যেখানেতে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী, খোলে নখ-রঞ্জণী,
বোলে বৈস, দেই কামাই।।
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক বাটী, আনিয়া জলের ঘটী,
ঢালিলেক সুবাসিত বারি।।
করে নখ-রঞ্জণী, চাঁছয়ে নখের কণি,
শোভিত করিল যেন চাঁদে।
আলসে অবশ-প্রায়, ঘুম লাগে আধ গায়,
হাত দিলা নাপিতিনী কাঁধে।।
নাপিতিনী একে শ্যামা, ননীর পুতলী, ঝামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসি ঘসি রাঙ্গা পায়, আলতা লাগায় তায়,
রচয়ে মনের হরষেতে।।
রচয়ে বিচিত্র করি, চরণ হৃদয়ে ধরি,
তলে লিখে আপনার নাম।
কত রস পরকাশি, হাসয়ে ঈষৎ হাসি,
নিরখি নিরখি অবিরাম।।
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে, “কি নাম লিখা উহে,
পরিচয় দেও আপনার।।”
নাপিতিনী কহে “ধনি, শ্যাম নাম ধরি আমি,
বসতি যে তোমার নগরে।”
দ্বিজ চণ্ডীদাস কয়, এই নাপিতিনী নয়,
কামাইলা যাও নিজ ঘরে।।
Discussion
Public comments for Dhori Napitini Besh are available on the discussion page.
View discussion