জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই ॥
দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে
দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই
দোষী হলে বিচারে সাজা দিবা তো পরে
এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই ॥
এই কি তোমার বিবেচনা কেউরে দিলা মাখনছানা
কেউরে মুখে অন্ন জোটে না ভাঙা ঘরে ছানি নাই
জানো শুধু ভোগবিলাস জানো গরিবের সর্বনাশ
কেড়ে নেও শিশুর মুখের গ্রাস তোর মনে কি দয়া নাই ॥
তোমার এসব ব্যবহারে অনেকে মানে না তোমারে
কথায় কথায় তুচ্ছ করে, আগের ইজ্জত তোমার নাই
রাখতে চাইলে নিজের মান সমস্যার কর সমাধান
নিজের বিচার নিজেই করো আদালতের দরকার নাই ॥
দয়াল বলে নাম যায় শোনা কথায় কাজে মিল পড়ে না
তোমার মান তুমি বোঝ না, আমরা তো মান দিতেই চাই
তুমি আমি এক হইলে পাবে না কোনো গোলমালের
বাউল আবদুল করিম বলে আমি তোমার গুণ গাই ॥
Discussion
Public comments for Jiggasha Kori Tomar Kache Bolo Ogo Shai are available on the discussion page.
View discussion