মা হবি না মেয়ে হবি
দে মা উমা বলে।
তুই আমারে কোল দিবি না
আমিই নেব কোলে॥
মা হয়ে তুই মাগো আমার
নিবি কি মোর সংসার-ভার,
দিন ফুরালে আসব ছুটে
মা তোর চরণতলে।
(তুই) মুছিয়ে দিবি দুঃখ-জ্বালা তোর স্নেহ-অঞ্চলে॥
এক হাতে মোর পূজার থালা ভক্তি-শতদল,
আর এক হাতে ক্ষীর নবনী, কী নিবি তুই বল।
মেয়ে হয়ে মুক্তকেশে
খেলবি ঘরে হেসে হেসে,
ডাকলে মা তুই ছুটে এসে
জড়াবি মোর গলে।
(তোরে) বক্ষে ধরে শিবলোকে যাব আমি চলে।
Discussion
Public comments for Ma Hobi Na Meye Hobi are available on the discussion page.
View discussion