স্বদেশ আমার! জানি না তোমার
শুধিব মা কবে ঋণ।
দিনের পরে মা দিন চলে যায়,
এল না সে শুভদিন॥
খাই দাই আর আরামে ঘুমাই,
পাগলের যেন ব্যথা-বোধ নাই,
ললাট-লিখন বলিয়া এড়াই
ভীরুতা, শক্তি ক্ষীণ।
অভাগিনি তুমি, সন্তান তব
সমান ভাগ্যহীন॥
কত শতাব্দী করেছে মা পাপ
মানুষেরে করি ঘৃণা,
জানি মা মুক্তি পাব না তাহার
প্রায়শ্চিত্ত বিনা।
স্বদেশ বলিতে বুঝেছি কেবল
দেশের পাহাড়, মাটি, বায়ু, জল,
দেশের মানুষে ঘৃণা করি চাই
করিতে দেশ স্বাধীন।
যত যেতে চাই তত পথে তাই
হই মা ধূলি-বিলীন॥
ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া
রেখেছি যাদেরে চরণে দাবিয়া
তাদের চরণধূলি মাখি যদি,
আসিবে সে শুভদিন।
নূতন আলোকে জাগিবে পুলকে
জননী ব্যথা-মলিন॥
Discussion
Public comments for Swadesh Amar Jani Na Tomar are available on the discussion page.
View discussion