ধর রে অধর চান্দে রে, অধরে অধর দিয়ে।
ক্ষিরোদ-মৈথনের ধারা
ধর রে রসিক নাগরা
যে রসেতে অধর ধরা।
দেখরে সচেতন হয়ে।
অরসিকের ভোলে ভুলে
মরিস নে ডুব নদীর জলে
কারণ বারির মধ্যস্থলে
ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ-চকোরা তাহে খেলে
প্রেম-বাণে প্রকাশিয়ে।
নিত্য ভেবে নিত্য থেকো
লীলের বশে যেও নাকো;
সে দেশেতে মহাপ্রলয়,
মায়েতে পুত্র ধরে খায়,
ভেবে বুঝে দেখ মনুরায়
সে দেশে তোর কাজ কি যেয়ে।
পঞ্চ বাণের ছিলে কেটে
প্রেম যাচো স্বরূপের হাটে।
সিরাজ সাঁই বলে রে লালন,
বৈদিক বাণে করিস নে রণ;
বাণ হারায়ে পশবি তখন।
রণ-খোলাতে হুবড়ি খেয়ে।।
Discussion
Public comments for Dhor Re Odhor Chande Re are available on the discussion page.
View discussion