দিবস রজনী গুণ গণি গণি
কি হৈল অন্তরে ব্যথা |
খলের বচনে পাতিয়া শ্রবণে
খাইনু আপন মাথা ||
শুন শুন দূতী কি কহ মোপ্রতি
বচন না লাগে ভাল |
সে ছার পিরীতি ভাবিতে ভাবিতে
সোনার বরণ কাল ||
বিষের গাগরী ক্ষীরে মুখ ভরি
কে না আনি দিল আগে |
করিনু আহার না করি বিচার
এ বধ কাহারে লাগে ||
নীরলোভে মৃগী পিয়াসে ধাইতে
ব্যাধ শর দিল বুকে |
জলের সফরী আহার করিতে
বঁড়শী লাগিল মুখে ||
জলদ নেহারি পিয়াসে চাতকী
চঞ্চু পসারল আশে |
বারিদ বারণ করল পবন
কুলিশ মিলিল শেষে ||
ক্ষীর নাড়ু করি বিষে মাখাইয়া
অবলা বালাকে দিল |
সুস্বাদু পাইয়া খাইতে খাইতে
নিকটে মরণ ভেল ||
যখন আছিল সুদিন আমার
তখন আছিল কোলে |
এবে করি সাধ দেখিতে না পাই
হারাইনু করম ফলে ||
লাখ হেম পায়্যা যতনে বাঁধিতে
পড়ল অগাধ জলে |
হেন অনুচিত করে পাপ বিধি
দ্বিজ চণ্ডীদাস বলে ||
Discussion
Public comments for Dibasa Rajani Guna Gani Gani are available on the discussion page.
View discussion