এমনি ক’রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না ॥
আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
দেহের বাঁধ টুটেছে—
মাথার ‘পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাক্না ॥
ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
সে যেন রে কাহার বাণী।
কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
সে কোন্ সুরে সাধা—
বিশ্ব বলে মনের কথা, কাজ প’ড়ে আজ থাকে থাক্-না॥।
Discussion
Public comments for Emoni Korei Jay Jodi Din Jak Na are available on the discussion page.
View discussion