জাহাজ চলেছে সাগরের জলে ভেসে
জাহাজের ডেকে সকলেই দূরবীন,
বিষাদের যীশু ক্রূশে একা একা ভাবে
আর কতকাল মেটাবো জলের ঋণ।
হয়তো তোমাকে কেউ কোনোদিনও চায়নি
তাইতো তোমার সারাগায়ে আঁকা পথ,
পথের শুরুতে যেমন ছদ্মবেশ
পথের শেষে হাতে আঁকা কোনো দেশ।
আমরা আসলে উপকথাদের মতো
কানে কানে একা ঘুরেছি জন্মকাল,
আমরা আসলে ঘুমের মধ্যে একা
যুদ্ধের শেষে বুদ্ধের কঙ্কাল,
যুদ্ধের শেষে বুদ্ধের কঙ্কাল।
জাহাজ চলেছে সাগরের জলে ভেসে
জাহাজের ডেকে সকলেই দূরবীন,
বারবার যারা ফিরে গেছে খালি হাতে
সে হাতে নাকি বেজেছিল ভায়োলীন।
তবুও আমরা ছেলেখেলা খেলে খুশি
খুশির অসুখে নগরীর প্রিয় সুখ,
তবুও আমরা ঢাল-তলোয়ার হাতে
বাগানের থেকে তাড়িয়েছি নিন্দুক।
আমরা আসলে সকলেই পরাধীন
করুণার কোনো পাত্রে রাখিনি জল,
বাতিঘর তার আলোয় নিয়েছে ডেকে
যত সমুদ্রে ডোবা মৃত মানুষের ঢল,
যত সমুদ্রে ডোবা মৃত মানুষের ঢল।
জাহাজ চলেছে সাগরের জলে ভেসে
জাহাজের ডেকে সকলেই দূরবীন,
বিষাদের যীশু ক্রূশে একা একা ভাবে
আর কতকাল মেটাবো জলের ঋণ।
Discussion
Public comments for Jahaj Cholechhe are available on the discussion page.
View discussion