তোমার বাঁ-দিকে ডাকাবুকো এক নদী
এনে দিতে পারি শুধু একটাই শর্তে
আমার দিকেও সমুদ্র নীল সারি
গড়ে দিও কোনো ঢিল ছোঁড়া দূরত্বে।
তারপরে রোজ তুফান তুফান খেলায়
প্রতিদিন ঘুম মাটি হবে পাড়াপড়শীর
এই অজুহাতে ভাত খেতে রোজ বেলা
সুযোগ পেলেই অঝোরধারায় ঝরছি।
সামলে নিও সে ঢেউয়ের সালতামামি
থেমে গেলে এনো ইরোসের মহাকাব্য
আর সব বাকি তুফান তুফান খেলায়
মেঘমল্লারে বুক ঠুকে ভালোবাসবো…
সে তুমি চাইলে আবার-ও স্বেচ্ছাবন্দী
না পারলে ফের বেঁধে দিও দুটো ডানা
তবু দেখো কোনো অনন্ত কসরতে
মোহনা ছুঁয়েছি অগাধ মুন্সীয়ানায়
মুচকি হেসে কি নামবে এমন জলে?
আমিও দৌড়ে ঝড়েদের সম্পত্তি
উপকূলে যত বায়না করেছি জমা
অভিমুখ নিয়ে তোমারই সীমানাবর্তী…
সামলে নিও সে ঢেউয়ের সালতামামি
থেমে গেলে এনো ইরোসের মহাকাব্য
আর সব বাকি তুফান তুফান খেলায়
মেঘমল্লারে বুক ঠুকে ভালোবাসবো…
বুড়ো এক নাবিকের কম্পাসে
রূপকথারা ফের গুপ্তচর
দিগন্তে তার কবিদের নাম ভাসে
হারানো দ্বীপ-ও জাতিস্মর
বন্দর ঠিক মিলে যাবে আড়ালের
ঘুম পেলে যদি বাড়ি ফিরতে হয়
সেই সব ঘুমে একলা এসে দাঁড়ালে
দেখো রাত্তির-ও জলদস্যুময়।
সামলে নিও সে ঢেউয়ের সালতামামি
থেমে গেলে এনো ইরোসের মহাকাব্য
আর সব বাকি তুফান তুফান খেলায়
মেঘমল্লারে বুক ঠুকে ভালোবাসবো…
Discussion
Public comments for Meghmallar are available on the discussion page.
View discussion