মনে যে মোর মনের ঠাকুর
তারেই আমি পূজা করি,
আমার দেহের পঞ্চভূতের
পঞ্চপ্রদীপ তুলে ধরি॥
ফকির যোগী হয়ে বনে
ফিরি না তার অন্বেষণে,
আমি মনের দুয়ার খুলে দেখি
রূপের জোয়ার, মরি মরি॥
আছেন যিনি ঘিরে আমায়,
তাঁরে আমি খুঁজব কোথায়,
সাগরে খুঁজে বেড়াই
সাগর-বুকে ভাসিয়ে তরি॥
মন্দিরের ওই বন্ধ খোপে
ঠাকুর কি রয় পূজার লোভে?
পেতে রাখি ভক্তিবেদি
আসবে নেমে প্রেমের হরি॥
Discussion
Public comments for Mone Je Mor Moner Thakur are available on the discussion page.
View discussion