তড়িত বরণী, হরিণ নয়নী,
দেখিনু আঙ্গিরা মাঝে।
কিবা বা দিঞা, অমিয়া ছানিয়া,
গড়িল কোন বা রাজে।।
সই! কিবা সে সুন্দর রূপ।
চাহিতে চাহিতে, পশি গেল চিতে,
বড়ই রসের কূপ।।
সোণার কটোরি, কুচযুগ গিরি,
কনক মন্দির লাগে।
তাহার উপরে চুড়াটি বনালে,
সে আর অধিক ভাগে।।
কে এমন কারিগর, বানাইল ঘর,
দেখিতে নারিনু তারে।
দেখিতে পাইতুঁ, শিরোপা করিতুঁ,
এমতি মন যে করে।।
হৃদয়ে আছিল, বেকত হইল,
দেখিতে পাইনু সে।
ঐছন মন্দিরে, শয়ন করে যে,
সে মেনে নাগর কে।।
হিয়ার মালা, যৌবনের ডালা,
পসারী পসারল যেন।
চাকুতে কাটিয়া চাক যে করিয়া,
তাহাতে বসাইল হেন।।
অধর সুধা, পড়িতে জুদা,
দশন মুকুতা শশী।
চণ্ডীদাসে কয়, ও কথা কি হয়,
মরম কহিলে বটে।
আর কার কাছে, কহ যদি পাছে,
তবে যে কুৎসা রটে।।
Discussion
Public comments for Torit Boroni Horin Noyoni Dekhinu Angira Majhe are available on the discussion page.
View discussion