আগের মতো আমের ডালে
বোল ধরেছে বউ।
তুমিই শুধু বদলে গেছ
আগের মানুষ নও॥
তেমনি আজও তোমার নামে
উথলে মধু গোলাপ-জামে,
উঠল পুরে জামরুলে রস মহুল ফুলে মউ।
তুমিই শুধু বদলে গেছ, আগের মানুষ নও॥
ডালিম-দানায় রং লেগেছে, ডাঁসায় নোনা আতা,
তোমার পথে বিছায় ছায়া ছাতিম তরুর ছাতা।
তেমনি আজও নিমের ফুলে
ঝিম হয়ে ওই ভ্রমর দুলে,
হিজল-শাখায় কাঁদছে পাখি বউ গো কথা কও।
তুমি শুধু বদলে গেছ, আগের মানুষ নও॥
Discussion
Public comments for Ager Moto Amer Dale Bol Dhoreche Bou are available on the discussion page.
View discussion