ভাল ভাল, কালিয়া নাগর,
শুনালে ধরম কথা?
পরের রমণী মজালে যখন,
ধরম আছিল কোথা?
চোরার মুখেতে, ধরম কাহিনী,
শুনিয়া পায় যে হাসি।
পাপ পূণ্য জ্ঞান, তোমার যতেক,
জানয়ে বরজবাসী।।
চলিবার তরে, দেও উপদেশ,
পাতর চাপিয়া পিঠে।
বুকেতে মারিয়া চাবুক ঘা,
তাহাতে লুণের ছিটে।।
আর না দেখিব, ওকাল মুখ,
এখানে রহিলে কেনে।
যাও চলি যথা, মনের মানুষ,
যেখানে মন যে টানে।।
কেন দাঁড়াইয়া, পাপিনীর কাছে,
পাপেতে ডুবিবা পাছে!
কহে চণ্ডীদাস, যাও চলি যথা,
ধরমের থলী আছে।।
Discussion
Public comments for Bhalo Bhalo Kaliya Nagor are available on the discussion page.
View discussion