বলো স্বাধীন বাংলা মোদের
মাতৃভূমির জয়
প্রাণপণে প্রতিজ্ঞা কর
ছেড়ে দাও মরণের ভয় ॥
পাকিস্তান আসার পরে
যা ঘটিল তেইশ বৎসরে
মনের দুঃখ বলবো কারে
এই দুঃখ আর বলবার নয়।
আজও তারা শক্তির বলে
দারুণ শোষকের দলে
বিনাশিতে চায় সমূলে
আর বা কত প্রাণে সয় ॥
বাঙালি যুবকের দল
চল মুক্তির সংগ্রামে চল
তোরাই দেশের সহায়-সম্বল
পাছে হটার সময় নয়।
ধরো ধরো অস্ত্র ধরো
বাংলা মোদের মুক্ত করো
মনের দুর্বলতা ছাড়ো
আমাদের জয় সুনিশ্চয় ॥
ভেবেছিল শত্রু দলে
জুলুম অত্যাচারের বলে
রাখিবে পায়ের তলে
মনিব রবে সব সময়।
বীর বাঙালি বীরবিক্রমে
জেগে উঠল ধরাধামে
ইয়াহিয়া ছিল ভ্রমে
পেয়েছে ঠিক পরিচয় ॥
শপথ নেও বাঙালি যত
বাঁচলে বাঁচব বাঁচার মতো
আর আমরা হবো না নত
যদি হয় বিশ্বপ্রলয় ॥
কত ভাই বোন মুক্তির তরে
প্রাণ দিয়েছে অকাতরে
চিরদিন কেউ বাঁচে না রে
বাউল আবদুল করিম কয় ॥
Discussion
Public comments for Bolo Swadhin Bangla Moder Matribhumir Joy are available on the discussion page.
View discussion