রাগাত্মিক পদ ।।
চণ্ডীদাসে কহে শুনহ মাতা।
কহিলে আমারে সাধন কথা।।
সাতাশী উপরে তিনের স্থিতি।
সে তিন রহয়ে কাহার গতি।।
এ তিন দুয়ারে কি বীজ হয়।
কি বীজ সাধিয়া সাধক কয়।।
রতির আকৃতি বলিয়ে যারে।
রসের প্রকার কহিব মোরে।।
কি বীজ সাধিলে সাধিব রতি।
কি বীজ ভজিলে রসের গতি।।
সামান্য রতিতে বিশেষ সাধে।
সামান্য সাধিতে বিশেষ বাধে।।
সামান্য বিশেষ একতা রতি।
এ কথা শূনিয়া সন্দেহ মতি।।
সামান্য রতিতে কি বীজ হয়।
বিশেষ রতিতে কি বীজ কয়।।
সামান্য রসকে কি রস যজে।
কি বীজ প্রকারে বিশেষ মজে।।
তিনটি দুয়ারে থাকয়ে যে।
সেই তিন জন নিত্যের কে।।
চণ্ডীদাস কহে কহবে মোরে।
বাশুলী কহিছে কহিব তোরে।।
এ দেহে সে দেহে একই রূপ।
তবে সে জানিবে রসেরই কূপ।।
এ বীজ সে বীজে একতা হবে।
তবে সে প্রেমের সন্ধান পাবে।।
সে বীজ যজিয়ে এ বীজ ভজে।
সেই সে প্রেমের সাগরে মজে।।
রতিতে রসেতে একতা করি।
সাধিবে সাধক বিচার করি।।
বিশুদ্ধ রতিতে বিশুদ্ধ রস।
তাহাতে কিশোরা কিশোরী বশ।।
বিশুদ্ধ রতিতে করণ কি।
সাধহ সতত রজক ঝি।।
সাতাশী উপরে তাহার ঘর।
তিনটি দুয়ার তাহার পর।।
বীজে মিশাইয়া রামিনী যজ।
রসিক মণ্ডলে সতত ভজ।।
বিশুদ্ধ রতিতে বিকার পাবে।
সাধিতে নারিলে নরকে যাবে।।
বাশুলী কহয়ে এই সে হয়।
চণ্ডীদাস কহে অন্যথা নয়।।
Discussion
Public comments for Chandidase Kohe Shunaho Mata are available on the discussion page.
View discussion