ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি।
এবার কঠিন হয়ে থাক্-না ওরে, বক্ষোদুয়ার আঁটি—
জোরে বক্ষোদুয়ার আঁটি॥
পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে
মিথ্যে অকাজে—
ওরে নিয়ে তারে চলবি পাড়ে কতই বাধাকাটি,
পথের কতই বাধাকাটি॥
দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে—
তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় নাকি বুক ফাটি,
লাজে যায় নাকি বুক ফাটি?॥
দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে
আপন গরবে—
তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি—
কেবল করিস ঘাঁটাঘাঁটি॥
Discussion
Public comments for Chhi Chhi Chokher Jale Bhejas Ne are available on the discussion page.
View discussion