দেখ বলরাম ভুবন মাঝে।
রূপ দেখি কাম মরমে লাজে।।
চাঁচর চিকুরে চামরী মজে।
নানা ফুল ডাল তাহাতে সাজে।।
রজত মুকুরে মাজিয়ে মুখ।
তা দেখিয়া চাঁদের মরমে দুঃখ।।
তিলক বলিত ললিত ভালে।
মুগ্ধ ভ্রমরা অলক জালে।।
অরুণ দীঘল নয়ন দেখি।
বিকচ কমল কিসে বা লেখি।।
পাত সহিত কদম্ব ফুলে।
শ্রবণে মকর কুণ্ডল দোলে।।
তিল ফুল জিনি সুন্দর নাশা।
নাগরী জনার মনের বাসা।।
অরুণ বরণ দশনবাস।
বাঁধুলি ফুলের গরম নাশ।।
কুন্দ কোরক জিনিয়া দ্বিজ।
কি ছার তাহাতে করক বীজ।।
চণ্ডীদাস কহে হাসির কাছে।
আর কি জগতে অমৃত আছে।।
Discussion
Public comments for Dekho Balaram Bhuban Majhe are available on the discussion page.
View discussion