দরিয়ায় ঘোর তুফান, পার করো নাইয়া।
রজনি আঁধার ঘোর, মেঘ আসে ছাইয়া॥
যাত্রী গুনাহ্গার জীর্ণ তরণি,
অসীম পাথারে কাঁদি পথ হারাইয়া॥
হে চির কান্ডারি,
পাপে তাপে বোঝাই তরি,
তুমি না করিলে পার,
পার হব কেমন করি।
সুখ-দিন ভুলে থাকি,
বিপদে তোমারে স্মরি,
ডুবাবে কি তব নাম,
আমারে ডুবাইয়া॥
মা-র কাছে মার খেয়ে
শিশু যেমন মাকে ডাকে,
যত দাও দুখ শোক,
ততই ডাকি তোমাকে।
জানি শুধু তুমি আছ,
আসিবে আমার ডাকে,
তোমারই এ তরি প্রভু,
তুমি চলো বাহিয়া॥
Discussion
Public comments for Doriyay Ghor Tufan, Par Koro Naiya are available on the discussion page.
View discussion