সৈয়দে মক্কী মদনী
আমার নবি মোহাম্মদ।
করুণা-সিন্ধু খোদার বন্ধু
নিখিল মানব-প্রেমাস্পদ॥
আদম নূহ্ ইবরাহিম দাউদ
সোলেমান মুসা আর ইসা,
সাক্ষ্য দিল আমার নবির,
তাদের কালাম হল রদ॥
যাঁহার মাঝে দেখল জগৎ
ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনল যে রে
পূণ্য বেহেশ্তি সনদ॥
হায় সেকান্দর খুঁজল বৃথাই
আব-হায়াত এই দুনিয়ায়,
বিলিয়ে দিল আমার নবি
সে সুধা মানব সভায়।
হায় জুলেখা মজল বৃথাই
ইউসোফের ওই রূপ দেখে,
দেখলে আমার নবির সুরত
যোগীন হত ভসম্ মেখে।
শুনলে নবির শিরীন জবান,
দাউদ মাগিত মদদ॥
ছিল নবির নূর পেশানীতে,
তাই ডুবল না কিশতী নূহের,
পুড়ল না আগুনে হজরত
ইব্রাহিম সে নমরুদের,
বাঁচল ইউনোস মাছের পেটে
স্মরণ করে নবিব পদ,
দোজখ আমার হারাম হল
পিয়ে কোরানের শিরীন শহদ॥
Discussion
Public comments for Saiyade Makki Madani Amar Nabi Mohammad are available on the discussion page.
View discussion