এ ঘোর রজনী, মেঘের ঘটা,
কেমনে আইল বাটে।
আঙ্গিনার মাঝে, বঁধুয়া ভিজিছে,
দেখিয়া পরাণ ফাটে।
সই! কি আর বলিব তোরে।
বহু পুণ্য ফলে, সে হেন বঁধুয়া,
আসিয়া মিলল মোরে।।
ঘরে গুরুজন, ননদী দারুণ,
বিলম্বে বাহির হৈনু।
আহা মরি মরি, সংকেত করিয়া
কত না যাতনা দিনু।
বঁধুর পিরীতি, আরতি দেখিয়া,
মোর মনে হেন করে
কলঙ্কের ডালি, মাথায় করিয়া,
আনল ভেজাই ঘরে।।
আপনার দুঃখ সুখ করি মানে,
আমার দুখের দুখী।
চণ্ডীদাস কহে, বঁধুর পিরীতি,
শুনিয়া জগৎ সুখী।।
Discussion
Public comments for E Ghor Rojoni Megher Ghota are available on the discussion page.
View discussion