গেরুয়া-রং মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়।
সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়॥
সুর শুনে তার সাঁঝের ঠোঁটে,
বাঁকা শশীর হাসি ফোটে
গো-পথ বেয়ে ধেনু ছোটে
রাঙা মাটির আবির ছড়ায়॥
গগন-গোঠে গ্রহ তারা
সে সুর শুনে দিশাহারা,
হাটের পথিক ভেবে সারা
ঘরে ফেরার পথ ভুলে যায়॥
জল নিতে নদীকূলে
কুলবালা কুল ভুলে,
সন্ধ্যাতারা প্রদীপ তুলে
বাঁশুরিয়ার নয়নে চায়॥
Discussion
Public comments for Gerua Rong Metho Pothe are available on the discussion page.
View discussion