হাম সে অবলা, হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া,পটেতে লিখিয়া
বিশাখা দেখাল আনি।।
হরি হরি! এমন কেন বা হলো!
বিষম বাড়বা অনল মাঝারে,
আমারে ডাবিয়া দিল।
বয়সে কিশোর,রূপ মনোহর,
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল,করয়ে শীতল,
বড়ই রসের কূপ।।
নিজ পরিজন, সে নহে আপন,
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে, পশিল পরাণে,
বুক বিদরিয়া মরি।।
চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে,
এখন করিব কি?
কহে চণ্ডীদাসে,শ্যাম নব রসে,
ঠেকিলা রাজার ঝি।।
Discussion
Public comments for Ham Se Abala Hriday Akhala are available on the discussion page.
View discussion