কে গো তুমি বিরহিনী, আমারে সম্ভাষিলে?
এ পোড়া পরান-তলে এত ভালোবাসিলে?
কভু হরিত বসনে আজি,
কুসুমে ভরিয়া সাজি,
মধুমাসে মধুহাসে মম পানে হাসিলে।
কে আমারে সম্ভাষিলে?
শারদ নিশীথে যবে
বিরহে রহি নীরবে,
পীত কায়ে মৃদু পায়ে মম পাশে আসিলে।
কে আমারে সম্ভাষিলে?
কভু বাদলে ঢাকি বয়ান
করিলে গভীর মান,
দামিনীর সুরু ভাষে আঁখি-নীরে ভাসিলে।
কে আমারে সম্ভাষিলে?
আমি শ্যাম, তুমি রাধা,
তাই বঁধু, এত বাধা;
তুমিও হায় উদাসিনী, মোরেও উদাসিলে।
কে আমারে সম্ভাষিলে?
Discussion
Public comments for Ke Go Tumi Birohini are available on the discussion page.
View discussion