কে তুমি দূরের সাথি
এলে ফুল ঝরার বেলায়।
বিদায়ের বংশী বাজে
ভাঙা মোর প্রাণের মেলায়॥
গোধূলির মায়ায় ভুলে
এলে হায় সন্ধ্যা-কূলে,
দীপহীন মোর দেউলে
এলে কোন্ আলোর খেলায়॥
সেদিনও প্রভাতে মোর
বেজেছে আশাবরি,
পুরবির কান্না শুনি
আজি মোর শূন্য ভরি।
অবেলায় কুঞ্জবীথি
এলে মোর শেষ অতিথি,
ঝরা ফুল শেষের গীতি
দিনু দান তোমার গলায়॥
Discussion
Public comments for Ke Tumi Durer Sathi are available on the discussion page.
View discussion