কেঁদে যায় দখিন-হাওয়া ফিরে ফুল-বনের গলি,
‘ফিরে যাও চপল পথিক’, দুলে কয় কুসুম-কলি।
দুলে দুলে কয় কুসুম কলি॥
ফেলিছে সমীর দীরঘশ্বাস – আসিবে না আর এ মধুমাস,
কহে ফুল, ‘জনম জনম এমনই গিয়াছ ছলি।
জনম জনম গিয়াছ ছলি’॥
কহে বায়, ‘রজনি-ভোরে বাসি ফুল পড়িবে ঝরে’,
কহে ফুল, ‘এমনই করে আমি ফুল-চোরেরে দলি,
এমনই কুসুম-চোরেরে দলি॥’
কাঁদে বায়, ‘নিদাঘ আসে আমি যাই সুদূর বাসে’,
ফোটে ফুল হাসিয়া ভাষে, ‘প্রিয়তম, যেয়ো না চলি।
ওগো প্রিয়তম, যেয়ো না চলি’॥
Discussion
Public comments for Kende Jaye Dokhin Hawa are available on the discussion page.
View discussion