খোদার প্রেমের শারাব পিয়ে
বেহুঁশ হয়ে রই পড়ে।
ছেড়ে মসজিদ আমার মুরশিদ
এল যে এই পথ ধরে॥
দুনিয়াদারির শেষে আমার
নামাজ রোজার বদলাতে
চাই না বেহেশ্ত খোদার কাছে
নিত্য মোনাজাত করে॥
কায়েস যেমন লায়ালি লাগি
লভিল মজনু খেতাব,
যেমন ফরহাদ শিরীর প্রেমে
হল দীওয়ানা বেতাব,
বে-খুদীতে মশগুল আমি
তেমনই মোরা খোদার তরে॥
পুড়ে মরার ভয় না রাখে,
পতঙ্গ আগুনে ধায়;
সিন্ধুতে মেটে না তৃষ্ণা,
চাতক বারি-বিন্দু চায়;
চাকোর চাহে চাঁদের সুধা,
চাঁদ সে আশমানে কোথায়;
সুরুয থাকে কোন সুদূরে,
সূর্যমুখী তারেই চায়;
তেমনি আমি চাহি খোদায়,
চাহি না হিসাব করে॥
Discussion
Public comments for Khodar Premer Sharab Piye are available on the discussion page.
View discussion