কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান।
অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন।।
রাতি কৈলূঁ দিবস দিবস কৈলূঁ রাতি।
বুঝিতে নারিলুঁ বঁধু তোমার পীরিতি।।
ঘর কৈলূঁ বাহির বাহির কৈলূঁ ঘর।
পর কৈলূঁ আপন আপন কৈলূঁ পর।।
কোন্ বিধি সিরজিল সোতের সেঁওলি।
এমন ব্যথিত নাই ডাকি বন্ধু বলি।।
বঁধু যদি তুমি মোরে নিদারুণ হও।
মরিব তোমার আগে দাঁড়াইয়া রও।।
বাশুলী-আদেশে দ্বিজ দণ্ডীদাসে কয়।
পরের লাগিয়া কি আপন পর হয়।।
Discussion
Public comments for Ki Mohini Jano Bondhu are available on the discussion page.
View discussion