কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে।
মৌন গগনে হেরো কথার বৃষ্টি ঝরে।
থাকিয়ো না চুপ করে॥
ধীর সমীরণ নাহি যদি কহে কথা,
ফোটে না কুসুম, নাহি দোলে বন-লতা,
কমল মেলে না দল, যদি ভ্রমর না গুঞ্জরে।
থাকিয়ো না চুপ করে॥
শোনো, কপোতের কাছে কপোতী কি কথা কহে,
পাহাড়ের ধ্যান ভাঙি মুখর ঝরনা বহে।
আমার কথার লঘু মেঘগুলি, হায়!
জমে হিম হয়ে যায় তোমার নীরবতায়,
এসো আরও কাছে এসো কথার নূপুর পরে!
থাকিয়ো না চুপ করে॥
Discussion
Public comments for Kotha Kao Kotha Kao are available on the discussion page.
View discussion