আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু
কুসুমের মধু করিব পান,
ঘুমাব কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিব স্নান।
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন,
স্বর্গের পরী হবে সহচরী
দেবতা করিবে হৃদয় দান।
সন্ধ্যার মেঘে করিব দুকূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার,
তারায় করিব কর্ণের দুল
জড়াব গায়েতে অন্ধকার।
বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব,
সিন্ধুর সনে সাগরে ছুটিব
ঝঞ্ঝার সনে গাহিব গান।
Discussion
Public comments for Moloyo Batashe are available on the discussion page.
View discussion