নিলাম নিলাম হলো শুরু নিলাম
এই জগতের আজ যা দামী সস্তা সেতো কাল
কেউ জানে না কোন পাশাতে বরাত ফেলে চাল ।
এ খেলা চলছে নিরন্তর ।।
এই বাটাতেই মেজবাবুর থাকতো মিঠে পান
আর এই যে রূপোর গড়গড়াটায় দিতেন সুখের টান
আজ দেউলে হয়ে পড়ে গেছে মেজবাবুর দর ।।
এই পালঙ্ক গয়না শাড়ি এই যে কলের গান
সবই সে এক নতুন বৌয়ের বিয়ের রাতের দান
আজ নিয়তি যে বৌকে রেখে নিয়ে গেছে বর ।।
এই যে দেখুন সখের জিনিস খুকুর হারমোনিয়াম
বাবার কোলে বসে খুকু গাইত কৃষ্ণ নাম
আজ খুকুর বাবার চাকরী গেছে নীরব ওদের ঘর ।।
এ টাইপ করার কলটা দেখুন মালিকানি যার
ফুটপাতে এই কল চালিয়ে চালাত সংসার
আজ দিদিমণির আঙুল ভাঙা সে তোলে না ঝড় ।।
পেটের দায়ে বিকোয় কিতাব, মেডেল উপহার
পরীক্ষায় যে প্রথম হতো এই ঘড়িটাই তার
আজ পাশ করা সেই ছেলে রইলো সবার পর ।।
আসুন নিলাম ডাকুন কিনে ফেলুন স্নেহ মায়া সব |
চোখের নেশা বুকের ভাষা সুখের অনুভব
হেথা ভাগ্য নিজেই টাকার মালায় এই যে স্বয়ম্ভর ।।
Discussion
Public comments for Nilam Nilam Holo Shuru Nilam are available on the discussion page.
View discussion