ওরে মন আমার গেল জানা।
কারো রবে না এ ধন
জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা।।
একবার সবুরের দেশে
বয় দেখি দম কষে
উঠিস নেরে ভেসে পেয়ে যাতনা।।
যে করিল কালার চরণেরি আশা,
জান না রে মন তাহার কি দশা,
ভক্ত বলি রাজা ছিল
রাজত্ব তার নিল
বামন রূপে প্রভু করে ছলনা।।
কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল
অতিথি রূপে তার সবংশ নাশিল,
তবু না হৈল দুখি
রইল না অনুরাগী
অতিথির মন করল সান্ত্বনা।।
প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে,
কত কষ্ট হল তার কৃষ্ণ নামে,
তারে অগ্নিতে ফেলিল
জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।
রামের ভক্ত লক্ষ্মন ছিল সর্বকালে,
শক্তিশেল হানিল তাহার বক্ষঃস্থলে,
তবু রামচন্দ্র প্রতি
না ভুলিল ভক্তি
লালন বলে, কর এ বিবেচনা।।
Discussion
Public comments for Ore Mon Amar Gelo Jana are available on the discussion page.
View discussion