রধিকা আদেশে, মনের হরষে,
কুসুম রচনা করে।
মল্লিকা মালতি, আর জাতী যূথি,
সাজাইছে থরে থরে।।
আজ রচয়ে বাসক শেজ।
মুনিগণ চিত, হেরি মূরছিত,
কন্দর্পের ঘুচে তেজ।।
ফুলের আচির, ফুলের প্রাচীর,
ফুলেতে ছাইল ঘর।
ফুলের বালিস, আলিস কারণ,
প্রতি ফুলে ফুলশর।।
শুক পিক দ্বারী, মদন প্রহরী,
ভ্রমর ঝঙ্কারে তায়।
ছয় ঋতু মত্ত, সহিত বসন্ত,
মলয় পবন বায়।।
উজোরল রাই, মণিময় বাতি
কর্পূর তাম্বুল বারি।
চণ্ডীদাস ভণে, রাখি স্থানে স্থানে,
শয়ন করিল গোরি।।
Discussion
Public comments for Radhika Adeshe Moner Horoshe are available on the discussion page.
View discussion