যমুনা যাইয়া, শ্যামরে দেখিয়া
ঘরে আইল বিনোদিনী।
বিরলে বসিয়া,কান্দিয়া কান্দিয়া
ধেয়ায় শ্যামরূপ খানি।।
নিজ করোপর,রাখিয়া কলোপ
মহাযোগিনীর পারা।
ও দুটি নয়ানে,বহিছে সঘনে,
শ্রাবণ মেঘেরি ধারা।।
হেন কালে তথা,আইল ললিতা,
রাই দেখিবার তরে।
সে দশা দেখিয়া, ব্যথিত হইয়া,
তুলিয়া লইল কোরে।।
নিজ বাস দিয়া,মুছিয়া পুছয়ে,
মধুর মধুর বাণী।
আজু কেনে ধনি,হয়েছি এমনি,
কহ না কি গালি শুনি।।
আজনম সুখে,হাসি বিধুমুখে,
কভু না হেরিয়ে আন।
আজু কেন বল,কান্দিয়া ব্যাকুল,
কেমন করিছে প্রাণ।।
চাঁচর চিকুর,কিছু না সম্বর,
কেনে হইলে অগেয়ান।
চণ্ডীদাস কহে,বেজেছে হৃদয়ে,
শ্যামের পিরীতি বাণ।।
Discussion
Public comments for Jamuna Jaiya Shyamre Dekhiya are available on the discussion page.
View discussion