খুশি লয়ে খোশ-রোজের
আয় খেয়ালি খোশ-নসিব।
জ্বাল দেয়ালি শবেরাতের,
জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।
আন নয়া দীনী ফরমান
দরাজ দিলের দৃপ্ত গান,
প্রাণ পেয়ে আজ গোরস্থান
তোর ডাকে জাগুক নকিব।
আন মহিমা হজরতের
শক্তি আন শেরে খোদার,
কোরবানি আন কারবালার
আন রহম মা ফাতেমার।
আন উমরের শৌর্য বল,
সিদ্দিকীর আন সাচ্চা মন,
হাসান হোসেনের সে ত্যাগ,
শহিদানের মৃত্যু-পণ।
খোদার হাবিব শেষ নবি,
তুই হবি নবির হাবিব।
খোতবা পড়বি মসজিদে
তুই খতিব নূতন ভাষায়,
শুষ্ক মালঞ্চের বুকে
ফুল ফুটাবি তোর হাওয়ায়,
এসমে-আজম এনে
মৃত মুসলিমে তুই কর সজীব।
Discussion
Public comments for Khushi Loye Khosh-Rojer are available on the discussion page.
View discussion