সামান্যে কি সে ধন পাবে।
দীনের অধীন হয়ে সাধিতে হবে।
সাধন-পথে কি না হল
বাদশার বাদশাই ছাড়িল
কুলবতীর কুল গেল
কালারে ভেবে।
কত কত মুনি-ঋষি
যুগ যুগান্তর বনবাসী
পাব বলে কাল-শশী
বসিয়ে তপে।
গুরুপদে কত জনা
বিনে মূল্যে হয়ে কেনা
করে গুরুর দাস্যপনা
সে ধনের লোভে।
চরণ-ধনের যার আশা
অন্য ধনের নাই লালসা
লালন ভেড়ের বুদ্ধিনাশা
দো-ভাসা ভবে।।
Discussion
Public comments for Samanye Ki Se Dhon Pabe are available on the discussion page.
View discussion