শক্তের তুই ভক্ত শ্যামা
(তোরে) যায় না পাওয়া কেঁদে।
(তাই) শক্তিসাধক রাখে তোরে
ভক্তিডোরে বেঁধে॥
(মা) শক্ত বড়ো শক্ত ছেলে
(সে) জানে, দড়ি আলগা পেলে
যাবি পালিয়ে চোখে ধুলা দিয়ে
মায়াফাঁদ ফেঁদে।
(তাই) ভয় পেয়ে তুই মুক্তি দিতে চাস মা নিজে সেধে॥
(তুই) সুরাসুরে ভুলিয়ে রাখিস ইন্দ্রত্বের মোহে,
(ওমা) গুণের কিছু ঘাট নাই তোর নির্গুণ তাই কহে
(তোরে) নির্গুণ তাই কহে॥
তোর মায়াতে ভুলে গিয়ে
বিষ্ণু ঘুমান লক্ষ্মী নিয়ে,
চতুর্মুখে ব্রহ্মা ভাবেন
দেবী আছেন চতুর্বেদে।
(তোর) অন্ত খুঁজে শিব হয়েছেন ভবঘুরে বেদে॥
Discussion
Public comments for Shakter Tui Bhokto Shyama are available on the discussion page.
View discussion