আয় আয় আয় আমাদের অঙ্গনে
অতিথি বালক তরুদল—
মানবের স্নেহসঙ্গ নে,
চল্ আমাদের ঘরে চল্॥
শ্যাম বঙ্কিম ভঙ্গিতে
চঞ্চল কলসঙ্গীতে
দ্বারে নিয়ে আয় শাখায় শাখায়
প্রাণ-আনন্দ-কোলাহল॥
তোদের নবীন পল্লবে
নাচুক আলোক সবিতার,
দে পবনে বনবল্লভে
মর্মরগীত-উপহার।
আজি শ্রাবণের বর্ষণে
আশীর্বাদের স্পর্শ নে,
পড়ুক মাথায় পাতায় পাতায়
অমরাবতীর ধারাজল॥
Discussion
Public comments for Ay Ay Ay Amader Angone are available on the discussion page.
View discussion