ভালোল্লাসে ধনী, বঁধুরে পাইয়া,
ভাবে গদ গদ কয়।
ব্রজ পিরীতের, প্রদীপ জ্বালিয়ে,
দীপ কি নিভা’তে হয়।।
কালিয়া কুটিল স্বভাব তোমার,
কপট পিরীতি যত।
ভূরু নাচাইয়ে, মুচকি হাসিয়ে,
অবলা ভুলাইলে কত।।
পিরীতি রসের রসিক বোলাও,
পিরীতি বুঝিতে নার।
মথুরা নগরের, যত নাগরীর,
পিরীতের ধার ধার।।
শুন গিরি ধারী, মথুরা বিহারী,
নারী বধে নাহি ভয়।
পিরীতি করিয়ে, তোমারে ভজিলে,
শেষে কি এই দশা হয়।।
পিরীতি করিলে, কেন দগধিলে,
বিরহ বেদনা দিয়ে।
কালীয়া কঠিন, দয়া হীন জন,
তোর নিদারুণ হিয়ে।।
সোই রসিকতা, পিরীতি মমতা,
সমতা হইলে রাখে।
পিরীতি রতন, রসের গঠন,
কুটিলাতে নাহি থাকে।।
পিরীতির দায়, প্রাণ ছাড়া যায়,
পিরীতি ছাড়িতে নারে।
পিরীতি রসের পসরা তা নাকি,
রাখালে বহিতে পারে।।
যে জনা রসিক, রসে ঢর ঢর,
মরমি যে জন হয়।
হেরে রেরে করে, ধবলী চড়ায়,
সে জনা রসিক নয়।।
রসিকের রীতি, সহজ সরল
রাখালে তাই কি জানে।
চণ্ডীদাস কহে, রাধার গঞ্জনা,
সুধা সম কানু মানে।।
Discussion
Public comments for Bhalollashe Dhoni Bodhure Paiya are available on the discussion page.
View discussion