চাঁদের পিয়ালাতে আজি
জোছনা-শিরাজি ঝরে।
ঝিমায় নেশায় নিশীথিনী
সে শরাব পান করে॥
সবুজ বনের জলসাতে
তৃণের গালিচা পাতে,
উতল হাওয়া বিলায় আতর
চাঁপার আতরদানি ভরে॥
সাদা মেঘের গোলাব-পাশে
ঝরিছে গোলাব-পানি,
রজনিগন্ধার গেলাসে
রজনি দেয় সুরা আনি।
কোয়েলিয়া কুহুকুহু,
গাহে গজল মুহুমুহু,
সুরের নেশা সুরার নেশা
লাগে আজি চরাচরে॥
Discussion
Public comments for Chander Piyalate Aji are available on the discussion page.
View discussion