স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে মেয়েটা
ছেলেটা দৌড়ে দৌড়ে এসে হাঁপায়
স্কুলের বাসটা হর্ন দিয়ে যায় তিনবার
মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়
স্কুলের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ছেলেটা
হাঁপাতে হাঁপাতে আবার হাঁটা দেয়
বাসের ভেতর জানলার কাছে ঝাপসা
মেয়েটার আবার কান্না পায়
আরো দুটো ছেলেমেয়ের বয়স বেড়ে যাবে
আরো দুটো দিনের অবসান
আমার ছেলেমানুষিটা আঁকড়ে ধরে রেখে
গাইব আমি ভালবাসার গান
ছেলেটার নেই বাড়ি ফেরার তাড়া
মেয়েটার নেই বাড়িতে টেলিফোন
দুজনেরই নেই নিয়ম ভাঙার বয়েস
তবু দুজনেরই আছে নিয়ম ভাঙার মন
ছেলেটার আছে বুক পকেটে চিঠি
প্রথম প্রেমের বানান ভুল
মেয়েটার আছে যত্ন করে রাখা
খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল
আরো দুটো ছেলেমেয়ের বয়স বেড়ে যাবে
আরো দুটো দিনের অবসান
আমার ছেলেমানুষিটা আঁকড়ে ধরে রেখে
গাইব আমি ভালবাসার গান
ছেলেটার নেই ভবিষ্যতের ভাবনা
মেয়েটারও নেই দাবি দাওয়া কোন
দাম্পত্যের শক্ত মানেটা
তারা দুজনেই জানেনা এখনো
শুধু একটি বারের জন্য একটু দেখা
ছুটি হয়ে গেলে দুজনের ইস্কুল
নেই যে তাদের আর কোন চাওয়া পাওয়া
শুধু খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ ফুল
আরো কত ছেলেমেয়ের বয়স বেড়ে যাবে
আরো কত দিনের অবসান
আমার ছেলেমানুষি মন আঁকড়ে ধরে রেখে
আরো একটা ভালবাসার গান
Discussion
Public comments for Chapta Golap Phul are available on the discussion page.
View discussion