ছিছি দারূণ, মানের লাগিয়া,
বন্ধুরে হারাইয়া ছিলাম।
শ্যাম সুন্দর, রূপ মনোহর,
দেখিয়া পরাণ পেলাম।।
সই! জুড়াইল মোর হিয়া।
শ্যাম অঙ্গের, শীতল পবন,
তাহার পরশ পাইয়া।।
তোরা সখিগণ, করাহ সিনান,
আনিয়া যমুনা নীরে।
আমার বন্ধুর, যত অমঙ্গল,
সকল যাউক দূরে।।
শ্রীমধু মঙ্গলে, আহন সকলে,
ভুঞ্জাহ পায়স দহি।
বন্ধুর কল্যাণে, দেহ নানা দানে,
আমার সদয় বিধি।।
কহে চণ্ডীদাস, শুনহ নাগর,
এমত উচিত নয়।
না দেখিলে যুগ, শতেক মানয়,
ইথে কি পরাণ রয়।।
Discussion
Public comments for Chhichhi Darun Maner Lagiya are available on the discussion page.
View discussion