ধড়ে কোথায় মক্কা-মদিনা
চেয়ে দেখ এক নজরে।
ধড়ের খবর না জানিলে
ঘোর যাবে না কোনদিনে।।
ওহাদানিয়েত্-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুরেতে পথ পাবা না
ঘুরবি কত ভুবনে।।
উপরওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাবাড়ি
সদায় করে হুকুম জারি
মক্কায় বসে নির্জনে।।
চারি রাহে বারি মকবুল
ওহাদানিয়েতে রসুল
সিরাজ সাঁই কয়, না জেনে উল
লালন তুই ঘুরিস্ কেনে।।
Discussion
Public comments for Dhore Kothay Mecca-Madina are available on the discussion page.
View discussion