কে বলে আমার, তুমি সে রাধার,
তাহার দুখের দুখী।
করিয়া চাতুরী, যাবে বুঝি হরি,
রাধারে করিতে সুখী।।
বঁধু হে! তুমি রাধার নাথ!
তব ভারিভূরি, ভাঙ্গিব মুরারি,
রাখিব আপন সাথ।।
এতেক বলিয়া, করেতে ধরিয়া,
চুম্বয়ে বদন চাঁদে।
রসিক নাগর, হইয়া ফাঁকর,
পড়িল বিষম ফাঁদে।।
হেথা সুবদনী, সখী সঙে বাণী,
কহয়ে কাতর ভাষে।
নিশি পোহাইল, পিয়া না আইল,
কহে দ্বিজ চণ্ডীদাসে।।
Discussion
Public comments for Ke Bole Amar Tumi Se Radhar are available on the discussion page.
View discussion