পিরীতি বলিয়া, এ তিন আখর,
এ তিন ভুবন সার।
এই মোর মনে, হয় রাতি দিনে,
ইহা বই নাহি আর।।
বিধি এক চিতে ভাবিতে ভাবিতে,
নিরমাণ কৈল ”পি”।
রসের সাগর, মন্থন করিতে,
তাহে উপজিল ”রী”!
পুনল যে মথিয়া, অমিয়া হইল,
তাহা ভিয়াইল ”তি”।
সকল সুখের, এ তিন আখর,
তুলনা দিব যে কি?
যাহার মরমে, পশিল যতনে,
এ তিন আখর সার।
ধরম করম, সরম ভরম,
কিবা জাতি কুল তার।।
এ হেন পিরীতি, না জানি কি রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি বন্ধন, বড়ই বিষম,
দ্বিজ চণ্ডীদাসে কয়।।
Discussion
Public comments for Piriti Boliya E Tin Akhor are available on the discussion page.
View discussion