খড়ের প্রতিমা পূজিস রে তোরা,
মাকে তো তোরা পূজিসনে॥
প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে
হায় রে অন্ধ, বুঝিসনে॥
বছর বছর মাতৃপূজার করে যাস অভিনয়,
ভীরু সন্তানে হেরি লজ্জায় মা-ও যে পাষাণময়।
(মাকে) জিনিতে সাধন-সমরে
সাধক তো কেহ যুঝিসনে॥
মাটির প্রতিমা গলে যায় জলে,
বিজয়ায় ভেসে যায়,
আকাশ বাতাসে মা-র স্নেহ জাগে
অতন্দ্র করুণায়।
তোরই আশে পাশে তাঁর কৃপা হাসে
(কেন) সেই পথে তাঁরে খুঁজিসনে॥
Discussion
Public comments for Khorer Protima Pujis Re Tora are available on the discussion page.
View discussion