মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, “যাই যাই যাই।”
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
“না না না।”
নাচে তাই তাই তাই॥
আকাশের তারা বলে তারে, “তুমি এসো গগন-পারে,
তোমায় চাই চাই চাই।”
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
“না না না।”
নাচে তাই তাই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে, “আয় আয় আয়”॥
বলে, “নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যায় যায় যায়।
বলে, “পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় নাই নাই নাই।”
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
“না না না।”
নাচে তাই তাই তাই॥
Discussion
Public comments for Madhabi Hothat Kotha Hote Elo are available on the discussion page.
View discussion