নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
কে যায়, কে যায়, কে যায়?
যেন জলে চলে থল-কমলিনী
ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥
কলসে কঙ্কণে রিনিঝিনি ঝনকে,
চমকায় উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে,
পলকে খঞ্জন হরিণী লুকায়॥
অঙ্গের ছন্দে পলাশ-মাধবী আশোক ফোটে,
নূপুর শুনি বন-তুলসীর মঞ্জরি উলসিয়া ওঠে।
মেঘ-বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া এল বুঝি পথ ভুলি।
তাহারই অঙ্গ তরঙ্গ-বিভঙ্গে
কূলে কূলে নদীজল উথলায়॥
Discussion
Public comments for Nilambari Shari Pori Neel Jamunay are available on the discussion page.
View discussion